কুমিল্লাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২২, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে নির্মাণশ্রমিক আলিনুর ফকিরকে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ নিয়ে মামলার দুজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার রাজিব শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রাজিব শেখকে আটক করা হয়। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি রহমান শেখকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেপ্তার রাজিব শেখকে লোহাগড়া থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (১৯ জুলাই) রাতে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখ ও তার সহযোগীরা নির্মাণশ্রমিক আলিনুর ফকিরকে ছুরিকাঘাতে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।