রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্নফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং পরীক্ষা ব্যবস্থাকে পুরোপুরি নির্ভুল ও নিরাপদ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী মোদির বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। খবর এনডিটিভির।
রিজিজুর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের স্বার্থে পরীক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে প্রশ্নফাঁসের কোনো সুযোগ না থাকে।
মোদি আরও বলেন, নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী সংসদে আইন প্রণয়নের কাজে এনডিএ শরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলোকেও রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের উন্নয়ন ও তরুণদের ভবিষ্যতের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
মোদির এই মন্তব্য এমন এক সময় এলো, যখন নিট পরীক্ষার প্রশ্নফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ চলছে।
সোমবার (২০ জুলাই) দিল্লিতে সংসদ অভিমুখে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করতে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।
বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছেন।
ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এ প্রতি বছর ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর গত মে মাসের পরীক্ষা বাতিল করা হয় এবং গত মাসে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে আন্দোলনের সমর্থনে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি হাসপাতাল থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করে দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। সরকারও বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।
এদিকে সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগ নিয়ে বিরোধী দলের বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম ব্যাহত হয়।












