কুমিল্লামঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন খাতে অতিরিক্ত কর কস্ট অব ডুয়িং বিজনেস বাড়াবে: চেম্বার সভাপতি

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপ করার ফলে ব্যবসায়ীদের খরচ বাড়বে এবং সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যে। সরকার যেখানে মূল্যস্ফীতি এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর চেষ্টা করছে সেখানে এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাথে রোববার (১৯ জুলাই) চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা।

দেশের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই সংস্থা।  চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হিসেবে এই সংস্থার যেকোনো যৌক্তিক সমস্যার সমাধানে চেম্বার কাজ করে যাবে। 

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর। তাই এই সেক্টরে যাতে কোন ধরনের অসন্তোষ তৈরি না হয় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহনের পাশাপাশি শিশুখাদ্য, ওষুধ শিল্পের কাঁচামাল, জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সরকারি ত্রাণ পরিবহন করে থাকে এই সেক্টর। ২০১৯ সাল পর্যন্ত এসআরও জারির মাধ্যমে ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রীম আয়কর (এআইটি) নির্ধারণ করা হলেও বিগত কয়েক অর্থবছরে শুধু এনবিআরের নির্বাহী আদেশের মাধ্যমে ইচ্ছামত এআইটি নির্ধারণ করা হচ্ছে। চলতি অর্থবছরে ড্রাম ট্রাক, খোলা ট্রাক, ১২ চাকার গাড়ির ক্ষেত্রে ২৪ হাজারের পরিবর্তে ৩৫ হাজার টাকা, ৫ টনের বেশি ট্রাক কাভার্ডভ্যান ১৬ হাজারের পরিবর্তে ৩০ হাজার, ১ দশমিক ৫ টনের বেশি ট্রাক কাভার্ডভ্যান লরিতে ৯ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা এবং ১ দশমিক ৫ টনের কম এমন ট্রাক কাভার্ডভ্যান ও লরিতে ৪ হাজারের পরিবর্তে ৭ হাজার ৫০০ টাকা এআইটি নির্ধারণ করা হয়েছে।

নেতৃবৃন্দ অযৌক্তিক করহার বাতিল করে সব গাড়ির আয়কর ১০ হাজার টাকা এবং ট্যাক্সটোকেন শতকরা ৫০ ভাগ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তদবির করার জন্য চেম্বারের প্রতি আহ্বান জানান। 

উক্ত সভায় চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক মো. জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ শফিউল আলম (বাদশা), আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি একেএম নবীউল হক সুমন ও আজহারুল হক আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক মো. নূরে আলম রনি, আইন ও বন্দর বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন বাবুল ও কার্যকরী সদস্য মো. শাহাদাত হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।