কুমিল্লামঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেলে ৫ লাখ ঋণ, সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৯, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন ক্যাসিনো জুয়ায় সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন এক ভ্যানচালক। আত্মীয়-স্বজনসহ বিভিন্নজনের কাছ থেকে সুদের ওপর ৫ লাখ টাকা ঋণের চাপ ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম জবেদ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অনলাইনে ক্যাসিনো জুয়ায় আসক্ত হন তিনি। একপর্যায়ে তার ৫ লাখ টাকা ঋণ হয়। শনিবার রাতেও জুয়া খেলে টাকা হেরে এসেছিলেন জাবেদ আলী। পরে পুলিশ তার বাড়ি থেকে গলায় ফাঁস নেওয়া মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগনি রাশেদা বেগম জানান, জাবেদ মামা জুয়া খেলার শুরুতে আত্মীয়-স্বজন ও পরে স্থানীয় বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করতে থাকেন। একপর্যায়ে ঋণের পরিমাণ ৫ লাখে দাঁড়ায়। শনিবারও জুয়া খেলে টাকা হেরেছেন। ধারণা করা হচ্ছে, জুয়া খেলে ঋণের এতো টাকা কীভাবে পরিশোধ করতেন তিনি। সে কারণে আত্মহত্যা করেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে আজ (রোববার) দুপুরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সময় জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে তিনি অনলাইন জুয়া খেলতেন। জুয়া খেলার কারণে অনেক টাকা ঋণ হয়েছিল তার।