যারা আমাকে নিয়ে ট্রল করছে তারা কেউই ছাত্র নয়। এভাবে ছাত্রদের মিসগাইড করে আন্দোলন করে অযথা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে লাভ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
শনিবার ( ১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় একথা বলেন শিক্ষামন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা একটি ন্যারেটিভ মতামতকে নেগেটিভভাবে নিয়ে নিল।
জাতি যদি এভাবে অর্ধ কানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি।যে যত ট্রলই করুক না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনার জন্য বাংলাদেশে আসবে।আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করছি। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। সেইসঙ্গে শিক্ষার ক্ষেত্রে ১৮ জুলাই নওগাঁর জন্য একটি নতুন মাইল ফলক উন্মোচন হল।
এর আগে সকালে নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন ঘুরে দেখেন মন্ত্রী।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় এমপি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।












