মাত্র একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে ফুটবলের সর্বোচ্চ মহোৎসব বিশ্বকাপের ফাইনাল। নকআউট ম্যাচগুলোতে আলো ঝলমলে পারফরম্যান্সে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। আর্জেন্টিনার ফাইনালে আসার পেছনে বড় অবদান দলের প্রাণভোমরা লিওনেল মেসি।
২০২২ বিশ্বকাপেই শিরোপা জিতে ক্যারিয়ারের সব অপূর্ণতা পূরণ করেছেন মেসি। এবারের বিশ্বকাপটা তার জন্য বোনাসের মতোই। তবুও শেষটা রঙিন করার একটা তাড়না তো থাকেই। সবমিলিয়ে বিশ্বকাপের ফাইনালে কি চাপ অনূভব করছেন মেসি? সেই উত্তর দিয়েছেন তিনি নিজেই।
নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হন মেসি। সেখানেই প্রথমবারের মতো ফাইনাল ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টাইন এই তারকা।
স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণের আগে তিনি জানিয়েছেন, দল কখনও চাপ নিয়ে ভাবেনি, বরং খেলাটাকে উপভোগ করেই বড় হয়েছে তারা। মেসি বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই অনেক আবেগ আর আনন্দ নিয়ে ফুটবল খেলেছি। কোথায় খেলছি সেটা বড় বিষয় ছিল না, স্কুল, রাস্তা বা ক্লাব– সব জায়গাতেই উপভোগ করেছি।’
চাপের প্রসঙ্গ নিয়ে মেসি বলেন, ‘আমরা কখনও চাপ নিয়ে ভাবিনি। এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছি। আমরা প্রতিযোগিতা মূলক দল, জিততে চাই, কিন্তু এটা দলীয় খেলা। প্রতিপক্ষও খেলে, তাই সবসময় জেতা সম্ভব না। ছোটবেলা থেকেই শিখেছি, জয়ের চেয়ে হার বেশি আসে, আর সেটাই আমাকে মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে।












