দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের একটি বড় অংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে এরইমধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশু স্বাস্থ্যের জন্য হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। যেসব শিশুর নিয়মিত টিকা নেয়া নেই, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত আইসোলেশন এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।












