বিশ্বকাপের সেমিফাইনালের আগে ব্যক্তিগত লড়াইও জমে উঠেছে। নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ চারে তোলার পর ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন জুড বেলিংহাম। ফলে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই দুই তারকার দ্বৈরথও।
কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানের জয়ে দলের দুই গোলই করেছিলেন বেলিংহাম। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফার পাওয়ার র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের আক্রমণাত্মক অবদান, সৃজনশীলতা ও রক্ষণভাগে কার্যকারিতার ভিত্তিতে তৈরি হয় এই র্যাঙ্কিং। সর্বশেষ হালনাগাদ তালিকায় বেলিংহামের স্কোর আক্রমণে ৮.২৫, সৃজনশীলতায় ৬.৪৩ এবং রক্ষণে ৫.৬৭। অন্যদিকে তৃতীয় স্থানে নেমে যাওয়া মেসির স্কোর যথাক্রমে ৮.০৭, ৭.৪১ ও ৪.৯০।
তবে এই দুই তারকাকে ছাড়িয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি র্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছেন।
গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে দারুণভাবে। এমবাপের সমান ৮ গোল করলেও মেসির অ্যাসিস্ট দুটি। ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে ফরাসি তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। অন্যদিকে ৬ গোল নিয়ে এখনও এই দৌড়ে আছেন বেলিংহামও।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।












