কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘যতটা খারাপ বলা হচ্ছে, ততটা খারাপ দল আর্জেন্টিনা না’

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডিফেন্ডিং চ্যাস্পিয়ন আর্জেন্টিনা। এবারও ফাইনাল থেকে এক কদম দূরে! কিন্তু এই দলটি নিয়ে যা খুশি বলে যাচ্ছে এক শ্রেণির মানুষ। তাদের দাবি এখনও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রতিটি ধাপে তুলনামূলক সহজ দলের বিপক্ষে খেলেই নাকি সেমিফাইনাল পর্যন্ত উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

কিন্তু নিজেদের ততটাও দুর্বল মনে করছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমাদের যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটাও খারাপ দল আমরা নই।  আর এই পর্যায়ে আসতে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হয়েছে। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে।’

সংবাদ সম্মেলনে নিজের খেলোয়াড়দের বারবার ধন্যবাদ জানিয়ে এমনটাই ঘোষণা করেন স্কালোনি। একইসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা এত ভালো কাজ করেছি যে কখনো কখনো তা হয়তো যথেষ্ট মনে হয় না, তবে আমরা এ পর্যন্ত যা অর্জন করেছি তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’

এবারের বিশ্বকাপে এখনও অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এরপরও আরও ভালো মানের ফুটবলের অপেক্ষায় আছেন কোচ। স্কালোনি বলেন, ‘আমাদের সেই ফুটবলে ফিরতে হবে, যেটা সবসময় আমাদের শক্তি ছিল। যারা এতদিন আমাদের সুন্দর ফুটবল খেলতে সাহায্য করেছে, তাদেরই দেখতে চাই। বাকি বিষয়গুলো নিয়ে আমি নিশ্চিত।’

প্রসঙ্গত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালের উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই দুই পরাশক্তির মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায়।