কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে হামলার পর সৌদিতে নতুন সংকট, বাতিল একের পর এক ফ্লাইট

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৫, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গতকালের সেই ঘটনার পর দেশটির এই বিমানবন্দর থেকে দ্বিতীয় দিনের মতো বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির জেরে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সৌদি আরবের কয়েকটি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। একই সঙ্গে আরও হামলা ও বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কাও প্রকাশ করেছে দেশগুলো।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বুধবার (১৫ জুলাই) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রিয়াদগামী চারটি, জেদ্দাগামী চারটি, দুবাইগামী দুটি এবং শারজাহগামী একটি ফ্লাইট রয়েছে।

এর মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের ছয়টি এবং ফ্লাইআদেলের জেদ্দাগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিন দুপুর ১২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ৫৫ মিনিটে আবহা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইদুবাইয়ের এফজেড৮১৫ ও এফজেড৮১১ ফ্লাইটের। এগুলোও বাতিল করা হয়েছে।

এছাড়া দুপুর ২টা ২৫ মিনিটে শারজাহর উদ্দেশে ছাড়ার কথা থাকা এয়ার অ্যারাবিয়ার জি৯১৯৫ ফ্লাইটও বাতিল করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবারও (১৪ জুলাই) আবহা থেকে অন্তত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর মধ্যে দুবাই, শারজাহ, রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইট ছিল।

এদিকে মঙ্গলবার সৌদি আরবের জন্য ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে কানাডা। সেখানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতার কারণে পুরো সৌদি আরবে ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছঅড়া সৌদির আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণ সেখানে এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া ইয়েমেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এবং সীমান্ত থেকে ৩০ থেকে ৮০ কিলোমিটার এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

সৌদির পূর্বাঞ্চলীয় আল কাতিফ গভর্নরেট এবং ইরাক সীমান্তসংলগ্ন বিধিনিষেধ থাকা এলাকা, হাফর আল বাতিন ও খাফজির কাছাকাছি এলাকাতেও অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

কানাডা জানিয়েছে, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান দিয়ে হামলার ঘটনা ঘটেছে। নতুন করে সামরিক তৎপরতা শুরু হলে স্বল্প সময়ের নোটিশে আরও ফ্লাইট বাতিল ও ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। এমন অবস্থায় কানাডীয় নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত নথি হালনাগাদ রাখা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং সরকারি সহায়তার ওপর নির্ভর না করে প্রয়োজনে দেশ ছাড়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর সৌদি আরব-ইয়েমেন সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে সীমান্ত থেকে ১০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্য বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক হলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। যে কোনও সময় নতুন হামলা হতে পারে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিরা প্রকাশ্যে সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে এবং অতীতেও দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

এমন অবস্থায় ব্রিটিশ নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ, সামরিক ও নিরাপত্তা স্থাপনা থেকে দূরে থাকা এবং প্রয়োজনে দ্রুত দেশ ছাড়ার পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এমনকি সরকারি ভ্রমণ পরামর্শ উপেক্ষা করে কোথাও গেলে ভ্রমণ বীমার সুবিধা বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও সৌদি আরবের জন্য ‘লেভেল-৩’ ভ্রমণ সতর্কতা বহাল রেখেছে। এতে নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ‘লেভেল-৪’ সতর্কতা বহাল রয়েছে। অর্থাৎ সেসব এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা, অবকাঠামো এবং কূটনৈতিক স্থাপনাগুলো অতীতে হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে।

এমন অবস্থায় মার্কিন নাগরিকদের জরুরি প্রয়োজনে দেশ ছাড়ার পরিকল্পনা প্রস্তুত রাখা, স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ রাখার পরামর্শ দেয়া হয়েছে।