শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ এ সময় উপস্থিত সংসদ সদস্য টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখপ্রকাশকে স্বাগত জানান।
গতকাল সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি অডিও ফোনালাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন।এই মন্তব্যের অডিও ফাঁসের পর আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মহাসড়ক ও শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জও করেছে পুলিশ।












