নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওচিত্র প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা ।
ভাইরাল ঐ ভিডিও টিতে দেখা যায়, দুই মাস বয়সী একটি নিষ্পাপ বাচ্চা ঘোমিয়ে আছে বিছানায়, কিছুখনের মধ্যেই একজন মহিলা যে সম্পর্কে শিশুটির আপন চাচী তিনি রুমে প্রবেশ করেন। তারপর ঘোমন্ত শিশুটির কাছে গিয়ে তার পায়ে মোচড় দিয়ে ভেঙ্গে ফেলে পা। আর্তচিৎকার করে উঠে শিশুটি। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এই নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পাইকারদী গ্রামের জহিরুল হক ও গৃহবধূ সায়েবা বেগমের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই শিশুটির সাথে প্রায় প্রতিদিন নানা ধরনের নিষ্ঠুরতা ঘটত। প্রায়শই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে শিশুটি তীব্র চিৎকারে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার কারণে মা সায়েবার মনে সন্দেহের দানা বাঁধে।
গত কয়েকদিন আগে সন্দেহ দূর করার জন্য সায়েবা একটি কৌশল অবলম্বন করেন। তিনি তার ঘরের একটি গোপন স্থানে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা অন করে রেখে বাথরুমে যান। তিনি ধারণা করেছিলেন হয়তো কেউ শিশুটিকে চিমটি কাটে বা ভয় দেখায়। কিন্তু ভিডিও ফুটেজে যা ধরা পড়ে, তা ছিল তার কল্পনারও অতীত।
ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে আপন বড় ভাইয়ের স্ত্রী ঘরে প্রবেশ করেন এবং ঘুমন্ত শিশুটির ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি নির্মমভাবে শিশুটির একটি পা মুচড়ে ভেঙে দেন। ভিডিও ফুটেজটি দেখার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিষাদের সৃষ্টি হয়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে শিশুটির পা ভেঙে গেছে। বর্তমানে শিশুটির ভাঙা পায়ে প্লাস্টার করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ব্যথায় শিশুটি প্রায় সময়ই কান্নাকাটি করছে বলে জানা গেছে।
এই ঘটনার ভিডিও ভাইরালের পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সর্ব মহলে চলছে তুমুল আক্ষেপ একটি শিশু নিজ ঘরে পর্যন্ত অনিরাপদ। দুই মাসের একটি শিশুর উপর এমন পাশবিক নির্যাতন মানুষের হৃদয় কে নাড়িয়ে দিয়েছে।স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুর পা ভেঙ্গে দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।










