কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড়ছে নদ-নদীর পানি, উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার আশঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের ১১ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বেশকিছু জেলার নিম্নাঞ্চল। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে ৫ জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের নদ-নদীগুলোর বর্তমান অবস্থা ধরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিনও এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী ২ দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের যাদুকাটা, ভুলাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে সোমেশ্বরী নদীর পানি সমতল স্থিতিশীল ও সারিগোয়াইন নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুলাই-কংস ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া এই সময়ে গাইবান্ধা জেলায় তিস্তা নদী ও কুড়িগ্রাম জেলায় ধরলা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী ও করতোয়া নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে আপার করতোয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।