কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

 যশোরের অভয়নগর উপজেলায় সাপের ছোবলে জেরিন খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রোববার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। 

নিহত জেরিন উপজেলার সিঙ্গাড়ী গ্রামের সরদার জসিম উদ্দিনের মেয়ে। সে মরিচা কম্পিউটার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল জেরিন। ভোরের দিকে ঘুম থেকে উঠে মাথায় তীব্র ব্যথার কথা জানালে কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

জেরিনের চাচা সরদার নাসির উদ্দিন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে বাড়ির চারপাশে পানি জমে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ঘুমের মধ্যে সাপ তাকে ছোবল দেয়, যার ফলে তার মৃত্যু হয়েছে।

ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক জুয়েল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাটি তদন্ত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।