কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার হরিদাসের অ্যাকাউন্টে সন্দেহজনক ৯.৩৫ কোটি টাকার লেনদেন

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনা আসা হরিদাস চন্দ্র তরনীর বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে হরিদাস চন্দ্র তরনী দাসের বৈধ কোনো আয়-উৎসের তথ্য পাওয়া যায়নি। তবে তার বিভিন্ন ব্যাংক হিসাব ও এমএফএস অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলনের তথ্য মিলেছে, যা সন্দেহজনক বলে মনে করছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ব্যক্তি তার হিসাবে অর্থ জমা করেছেন, যা তার পেশা ও ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়।

অনুসন্ধানে জানা যায়, হরিদাস চন্দ্র তরনী দাস বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে পরিচয় দিতেন। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের এডিট করা ছবি প্রদর্শন এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভুয়া ফোনকল দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বদলি করানো, হুন্ডি ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান শুরু করে সিআইডি।

তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির প্রতারণা ও আত্মসাতসংক্রান্ত ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলার তথ্যও বর্তমান অনুসন্ধানে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ার পর উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হরিদাস চন্দ্র তরনী দাসের বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাবে সংঘটিত সন্দেহজনক লেনদেনের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্ভাব্য অর্থ পাচারের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জানা যায়, হরিদাস চন্দ্র তরনীদাস গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী গোপীনাথ তরনী দাসের ছেলে। তিনি ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী থেকে এসএসসি ও ২০০৮ সালে ঢাকা ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গমন করে শিক্ষা ও প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন। ২০১৯ সালে ইসলাম ধর্মগ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন।