নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর দুইজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এরপর থেকে তাদের ছেলে মুক্তার পলাতক রয়েছেন।
স্থানীয়দের দাবি, তাদের ছেলে নেশা ও জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের মাধ্যমে বিষাক্ত খাইয়ে তাদের মারা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।












