কুমিল্লাসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে কৃষিকাজে ব্যবহৃত সেচপাম্পকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গভীর রাতে ইরানে কৃষিকাজে ব্যবহৃত একটি সেচপাম্প কেন্দ্র তথা পানি পাম্পিং স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে হওয়া এ হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চারজন। একই সময়ে দক্ষিণ ইরানের আরও কয়েকটি এলাকাতেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে। খবর আনাদোলু

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক ডেপুটি-গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেছেন, মাহশাহর কাউন্টির ওই পানি পাম্পিং স্টেশনে হামলায় সেখানে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।

তিনি জানান, আহতরা চিকিৎসা নিচ্ছেন। আহতদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি ও চিকিৎসা দল কাজ করছে। তবে তাদের আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সোমবার ভোরে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার অংশ হিসেবে এ হামলা চালানো হয়। একই সময়ে বন্দর আব্বাস, সিরিক, কেশম দ্বীপ, জাস্ক, বুশেহর এবং কানগান এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

ভালিওল্লাহ হায়াতি আধা-সরকারি ইসনা সংবাদ সংস্থাকে জানান, সোমবার গভীর রাতে কয়েক ঘণ্টায় খুজেস্তান প্রদেশের অন্তত আটটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে কয়েক দফায় এসব হামলা হয়।

তিনি বলেন, প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি আহভাজ বিমানবন্দরে হামলার খবর অস্বীকার করে বলেন, শহরের কাছাকাছি যে দুটি স্থানে আঘাত হানা হয়েছে, সেগুলো বিমানবন্দর থেকে দূরে অবস্থিত।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করতেই ইরানে সর্বশেষ এ হামলা চালানো হয়েছে।