বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে।
নাটকীয় এই পরাজয়ের পর ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড।
দলের হয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম। এর মধ্যে অতিরিক্ত সময়ে করা দ্বিতীয় গোলটিই নিশ্চিত করে ইংল্যান্ডের জয়। প্রথমার্ধে আন্দ্রিয়াস শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে।
তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ম্যাচে দারুণভাবে ফিরে এসে জয় তুলে নেয় ইংল্যান্ড। ফলে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান। ম্যাচ শেষে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জুড বেলিংহামের প্রশংসা করে একটি পোস্ট দেন।
সেই পোস্টের জবাবে বিদ্রূপাত্মক মন্তব্য করেন আলফ-ইঙ্গে হালান্ড। তিনি লেখেন, ‘দারুণ খেলেছে বেলিংহাম… আর রেফারিও।’












