কুমিল্লাশুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় নৌকা ডুবিতে চকরিয়ায় কিশোরীর মৃত্যু, দুই বোন জীবিত উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১০, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় বন্যার কারণে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকা ডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে, এঘটনায় তার দুই বোনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার  বরইতলী ২নং ওয়ার্ড রসুলাবাদ এলাকায় প্রায় ৬ ঘন্টা প্রচেষ্টার পর স্থানীয় আবদুল মালেকের মেয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) এর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল।

এর আগে সকালে ঝর্ণা ও তার আরো দুই বোন – জেরিন মনি (৮) এবং শাওরিন মনি (৬) নৌকা নিয়ে পারাপারের সময় বন্যার ঢলে ভেসে যায়। 

স্থানীয়রা তাৎক্ষণিক জেরিন ও শাওরিনকে উদ্ধার করলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা চিকিৎসাধীন। পরে নিখোঁজ ঝর্ণার সন্ধানে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ উদ্ধার তৎপরতা চালানো হয়।

নিহত ঝর্ণার পিতা আব্দুল মালেক জানান, বাড়িতে পানি ঢুকে পড়ায় স্ত্রী ও তিন সন্তান সহ তিনি ডিঙ্গি নৌকা নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে বেরিয়েছিলেন। স্ত্রীসহ সাঁতরে উঠতে পারলেও সন্তানরা দুর্ঘটনার সময় ভেসে যায় বলে জানান তিনি।

চকরিয়ার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, তাৎক্ষণিকভাবে প্রশাসন সহযোগিতা করে এবং চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

গত পাঁচ দিনে টানা বর্ষণের কারণে চকরিয়া ও পার্শ্ববর্তী মাতামুহুরী এবং পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাবার ও পানির সংকট দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন।