ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি। বলেছেন, এই হত্যাকাণ্ডের স্মৃতি কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না এবং এর জন্য দায়ীদের সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে ভাহিদি বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামী বিপ্লব ও প্রতিরোধ অক্ষের সব শত্রুরা জেনে রাখুক, আমাদের নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করেও তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না।’
এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) নিজ শহর মাশহাদে দাফন করা হয় আয়াতুল্লাহ আলি খামেনিকে। চার মাস আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের আরও চার সদস্য নিহত হন।
এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার জানিয়ে আসছে, খামেনি হত্যার জবাব দেওয়া হবে। সর্বশেষ আইআরজিসি প্রধানের এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালোভাবে প্রকাশ করে।












