কুমিল্লাবৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতের মধ্যে ১৯ জেলায় ঝড়, বজ্রসহ ভারি বৃষ্টির শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৯, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের ১৯ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার (৯ জুলাই) অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তরপশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে উত্তর-পূর্ব দিকে বাঁক নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ ভারি বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।