কুমিল্লাসোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৬, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় মো. জুনায়েদ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার (৬ জুলাই) আনুমানিক রাত দেড়টার দিকে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামের হাজী মোতালেবের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, কিশোর জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে তার বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় বেড়াতে যায়। আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জুনায়েদ ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।

দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জুনায়েদের বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগের কারণেই সবার অগোচরে তার ছেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভুক্তভোগী কিশোর মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।