রাঙ্গামাটিতে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাঙ্গামাটি পৌরসভার রাজমনি পাড়া, শিমুলতলী, রূপনগর ও লোকনাথ মন্দির এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কেউ যেন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলেন।
আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যায়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রাঙ্গামাটি পৌরসভা।












