কুমিল্লারবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন সন্তানের উপস্থিতিতে তৃতীয় বিয়ে করলেন আমির খান

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন এই অভিনেতা। রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান- জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। এছাড়া দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

আমির খানের মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার ও অভিনেত্রী এলি আব্রামও উপস্থিত ছিলেন।

এর আগে আমির জানিয়েছিলেন, বড় কোনো আয়োজন নয়; নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবারের সদস্য ও দীর্ঘদিনের বন্ধুদের নিয়ে ছোট্ট পরিসরে উদ্‌যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।

মির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে শুরুতে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের আবার যোগাযোগ হয়। সেই পুনর্মিলন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন। গৌরী থাকতেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ মনে হচ্ছে। যদিও সে সময় বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, এই বয়সে আবার বিয়ে করার পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তিতে অনুভব করেন বলেও উল্লেখ করেছিলেন। 

সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায়। গত মাসে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনার কথা জানান। অবশেষে রবিবার সেই প্রতীক্ষিত বিয়ে সম্পন্ন হলো।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো একসঙ্গে কাজ করেন তারা।

এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদ হলেও পেশাগত ও পারিবারিক সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ রয়েছে তাদের। বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘লাপাতা লেডিজ’সহ বেশ কয়েকটি প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও আমির, কিরণ ও রীনা এখনও যুক্ত রয়েছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন।