রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া গতি, অদক্ষ চালক ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।
গেল জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি, ১৩৪ জন। এই সময়ে আহত হয়েছেন ৫৬১ জন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে ৯১ জন পথচারী এবং ৫৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২০৬টি দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। এছাড়া ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা এবং ৫৩টি পেছন থেকে আঘাতের ঘটনা ঘটেছে। সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, এরপর জাতীয় মহাসড়কে ১৫১টি।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটি সড়ক নিরাপত্তা জোরদারে ১২ দফা সুপারিশও করেছে।












