শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেল নরওয়ে। দলের নির্ভরযোগ্য রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। হ্যামস্ট্রিং চোটে ভোগা এই ডিফেন্ডারের ব্রাজিলের বিপক্ষে খেলার সম্ভাবনা ক্ষীণ।
গ্রুপ পর্ব থেকেই চোটে আক্রান্ত বরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার। শেষ অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেলেও পূর্ণমাত্রায় খেলার মতো ফিটনেস এখনও ফিরে পাননি বলে ধারণা নরওয়ের কোচিং স্টাফের। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না দলটি।
রায়ারসন না খেলতে পারলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করা এই ফরোয়ার্ডের গতি ও এক-একজনকে কাটিয়ে ওঠার দক্ষতা নরওয়ের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সেই কারণেই রাইট-ব্যাকে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্টেল সলবাকেন। পেডারসেন কিংবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে ওই পজিশনে খেলানোর চিন্তা করছেন তিনি।
সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেই চোট পান রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে দুটি ম্যাচেই স্কোয়াডের বাইরে ছিলেন তিনি।
ম্যাচের আগের শেষ অনুশীলনে নিজেদের পরিকল্পনা গোপনই রেখেছে নরওয়ে। সংবাদমাধ্যমকে অনুশীলনের কেবল শুরুর অংশ দেখার সুযোগ দেওয়া হয়। সেখানে অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও স্ট্রাইকার আর্লিং হলান্ডকে অনুশীলন করতে দেখা গেছে। তবে মূল কৌশলগত প্রস্তুতি হয়েছে রুদ্ধদ্বারেই।
ব্রাজিলের বিপক্ষে কাউন্টার অ্যাটাককে প্রধান অস্ত্র বানাতে পারে নরওয়ে। সে লক্ষ্যেই আক্রমণভাগে পরিবর্তনের আভাস মিলছে। লম্বা গড়নের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের বদলে গতি নির্ভর ফরোয়ার্ড অস্কার ববকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও অতীতের পরিসংখ্যান নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। দুই দলের পাঁচ দেখায় একবারও হারেনি ইউরোপের দেশটি। সেই পাঁচ ম্যাচে দুটি জয় পেয়েছে নরওয়ে, বাকি তিনটি হয়েছে ড্র। ইতিহাসের সেই রেকর্ড ধরে রেখে এবারও চমক দেখানোর স্বপ্ন নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ভাইকিংরা।












