কুমিল্লাবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীর্থযাত্রার পথে পিকআপ চাপায় প্রাণ গেল ৮ বৌদ্ধ সন্ন্যাসীর

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত আট বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে তীর্থযাত্রায় অংশ নেওয়া একদল সন্ন্যাসীর ওপর অতর্কিতে ওই ট্রাক উঠে যাওয়ায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন।

দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মুকদাহান প্রদেশের নাসি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখের কাছের একটি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন সন্ন্যাসীরা। স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ট্রাক ওই সন্ন্যাসীদের চাপা দেয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ন্যাসীরা উবোন রাতচাথানি প্রদেশের নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করেছিলেন এবং দুর্ঘটনার সময় তারা মুকদাহানের না সি নুয়ান বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছেছিলেন।

কর্তৃপক্ষ বলছে, পিকআপ ট্রাকের চাপায় পাঁচ সন্ন্যাসী দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া অন্য তিনজন মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুর্ঘটনায় ১৮ জন সন্ন্যাসী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন। 

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই মর্মান্তিক ঘটনার আগে ৩৪ জন সন্ন্যাসীর ওই দলটি ওয়াত রই প্রা পুত্তাবাত ফু মানোরোমে সকালের খাবার গ্রহণ করেন। এরপর মুকদাহানের দন তান জেলার দিকে পুনরায় পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করেন তারা।

পুলিশ বলেছে, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িটি ছিল একটি ইসুজু পিকআপ ট্রাক। ১১ বছর বয়সী এক কিশোর সেটি চালাচ্ছিল। শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোর তার পরিবারের কাউকে না জানিয়ে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায় এবং তাদের বেশিরভাগকেই আঘাত করে। যে কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।