কুমিল্লাসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় সিয়ামের বাড়িতেই অবস্থান করছিলেন প্রেমিকা। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে এসব তথ্য এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার পর অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।