সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে উল্লাস প্রকাশকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক যুবক পারভেজ আহমদকে (৩২) আটক করেছে পুলিশ। পারভেজ একই গ্রামের বাসিন্দা এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার শেষ সময়ে চিৎকার ও উল্লাস করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে আটক করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতককে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।












