বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। রোববার (২১ জুন) যোহর নামাজের সময় উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের উত্তর আন্দারমানিক জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মো. নজরুল ইসলাম সরদার (৪৫) সৌদি প্রবাসী ছিলেন। আগামী ২৫ জুন সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নামাজের ৪ রাকাত ফরজের ৩য় রাকাত চলাকালে হঠাৎ তার আপন বড় ভাই হারুন অর রশিদ সরদার ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে নজরুলের পেটে, হাতে ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মসজিদের মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপর আরেক ছোট ভাই মজিবুর রহমানের স্ত্রী অভিযোগ করেন বলেন, এমন অবস্থায় অন্যান্য ভাই ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছেন। তারা অভিযুক্তের ফাঁসি দাবি করেন।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।












