কুমিল্লাবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাওরে বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৮, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত একজনের মরদেহ হাওরের পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বজ্রপাতে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাবিল ও হামিদ আপন দুই ভাই। তারা রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে। নিহত সাব্বির মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।

জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির প্রতিদিনের মতো হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে বেলা ১১টার দিকে তারা নিহত হন। নিহতের মধ্যে হামিদ ও সাব্বিরের মরদেহ পাওয়া গেলেও কাবিলের মরদেহ হাওরে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাতে ৩ জন মারা গেছে শুনেছি। এরমধ্যে সাব্বির ও হামিদের মরদেহ পাওয়া গেছে। তবে কাবিলের মরদেহ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজ মরদেহ উদ্ধারের কাজ করছে।