কুমিল্লাবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লবণের আড়ালে ৪ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা, কুমিল্লায় কাভার্ডভ্যান কেটে উদ্ধার ১ লাখ ৬০ হাজার পিস

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৮, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

লবণ পরিবহনের আড়ালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান। তবে শেষ রক্ষা হয়নি। কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কাভার্ডভ্যানটি কেটে ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা  একটি প্রাইভেটকারের গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকায় পৌছালে গাড়িটিকে আটকিতে গাড়িটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবার চালান ঢাকামুখী হয়ে যাচ্ছে এবং তারা স্কট হিসেবে কাজ করছিলেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।