কুমিল্লাবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারখানার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৮, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, সকালে যথারীতি তারা কারখানায় প্রবেশ করে নিজ নিজ ফ্লোরে কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণ পর কারখানার ভেতরে সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। এর কিছুক্ষণ পরই কারখানার চতুর্থ তলায় কর্মরত কয়েকজন শ্রমিকের মধ্যে মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি ও তীব্র শারীরিক অস্বস্তিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে এই অসুস্থতা কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে অসুস্থদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই সবচেয়ে বেশি বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ দুপুরের আগেই সাধারণ ছুটি ঘোষণা করে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকাল সাড়ে ১০টার দিক থেকে অসুস্থ অবস্থায় কারখানার শ্রমিকরা হাসপাতালে আসতে শুরু করেন। একের পর এক রোগী আসায় চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

চিকিৎসা নিয়ে এবং কিছুক্ষণ বিশ্রাম শেষে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন উল্লেখ করে ডা. সাদিয়া তাসনিম আরও বলেন, প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে অতিরিক্ত গরম, মানসিক ও শারীরিক দুর্বলতা (ম্যাস সাইকোজেনিক ইলনেস) থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।