বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তৃতীয় গোলটিও মেসির পা থেকেই এসেছে। আর এই গোল করে মেসি বনে গেলেন বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার। এখন ১৬ গোল দিয়ে জার্মান কিংবদন্তি ক্লোজার সঙ্গে সর্বোচ্চ গোল স্কোরার লিওনেল মেসি।
মেসি যেন তার দলকে একাই টানছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসির তৃতীয় গোলটি আসে ৭৬তম মিনিটে।
গোল করার পরই স্ক্যালোনি মেসিকে বসিয়ে মাঠে নামান নিকো পাজকে। এর আগে প্রথম হাফে একটি এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করেন মেসি।
এদিকে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
এদিন মাঠে নেমে দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এছাড়াও, লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।
২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তরুণ মেসি।














