কুমিল্লামঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪ জন কারাগারে

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের নবাব রোড এলাকা থেকে বের হওয়া মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি।

কারাগারে যাওয়া চারজন হলেন- ইব্রাহিম মোস্তফা মাহি (২০), সানিয়াদ আহমদ (১৯), রেদুওয়ান আহমদ রাব্বি (২৪) এবং আশরাফুল শাহি (২৪)।

পুলিশ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, মিছিলের পরপর পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কারাগারে পাঠানো হয়। অন্যদের ধরতে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলটি নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করার সময় পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে মিছিলে মানুষের সংখ্যা বেশি হওয়ায় পুলিশকে বাধা দিতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাব রোড এলাকায় কিছু সময় অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।