কুমিল্লা শহরের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। অভিযানের সময় কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কবরী আক্তার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন। তিনি কুমিল্লার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













