কুমিল্লারবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মরক্কো ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৩, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে মাঠের লড়াইয়ের বাইরের এক অদৃশ্য প্রতিপক্ষ যেন ব্রাজিলকে চোখ রাঙাচ্ছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘গ্রুপ সি’-এর এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই স্টেডিয়ামের আশপাশে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে।

স্প্যানিশ রেডিও স্টেশন ‘সের’–এর সাংবাদিক হোসে প্যালাসিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে ভয়াবহ মেঘ ও ঝোড়ো হাওয়া বইছে।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই এমন প্রতিকূল পরিস্থিতি আয়োজকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়া নিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও ফুটবল-সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ ছিল।যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরমের পাশাপাশি হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

বজ্রপাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আউটডোর ক্রীড়া ইভেন্টের ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়ম মানা হয়।কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতের ঝুঁকি শনাক্ত হলেই নিরাপত্তার খাতিরে খেলা সাময়িকভাবে স্থগিত করার বিধান রয়েছে। ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন আবহাওয়ার পূর্বাভাস নিশ্চিতভাবেই খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে মাঠে নামছে কার্লো আনচেলত্তির অধীনে। প্রতিপক্ষ মরক্কোও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে দারুণ আত্মবিশ্বাসী। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই লড়াই মাঠে গড়াবে কি না, তা এখন অনেকটাই প্রকৃতির ওপর নির্ভর করছে।

বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ের উত্তাপ প্রকৃতির বিরূপতাকে ছাপিয়ে উঠতে পারে কি না।