কুমিল্লারবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৩শ ফুট দীর্ঘ পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‍্যালি!

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৩, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলায় আর্জেন্টিনার ৩৩শ ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করলেন ফুটবলপ্রেমী আর্জেন্টিনার সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে ৪টা থেকে স্লোগানে স্লোগানে পলাশ উপজেলার বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

র‍্যালিতে অংশগ্রহণকারী হাজারো সমর্থক প্রিয় দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে করতে সড়ক প্রদক্ষিন করেন। এ সময় তারা প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ জয়ী দলটির প্রতি অসামান্য সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ৩৩০০ ফুট দীর্ঘ পতাকাটি বহন করতে হাজারো সমর্থক অংশ নেন, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

আয়োজকদের মধ্যে আলফাতুল ইসলাম সৈকত ও রাসেল আহমেদ বলেন, “আমরা আর্জেন্টিনার ফুটবল শৈলীর ভক্ত। এই দল বিশ্বকাপ ফুটবলে খেলে বিজয় অর্জন করেছে এবং আমরা সেই খেলা নিজেরা দেখেছি। বাপ-দাতার আমলে জিতেছে এমন গল্প শুনে বড় হয়নি। আজ দলকে সমর্থন জানাতে এবং এলাকায় ফুটবল উৎসবের আমেজ তৈরি করতেই আমরা প্রায় ৩৩০০ ফুট লম্বা এই পতাকা তৈরি করে তা নিয়ে র‍্যালি করেছি। আমাদের এই আনন্দ আয়োজন ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।”

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার এত বড় পতাকা নিয়ে এমন আয়োজন পলাশ উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। র‍্যালি দেখতে প্রধান প্রধান সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

র‍্যালিটি পলাশ বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।