কুমিল্লাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৩, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন এবং এই ঘটনায় বাসের অন্তত আরও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৩ জুন) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে সরাইল থানার বাড়িউরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আহাম্মদ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস (যার রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৭২৯২) ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউরা নামক এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গতি বেশি থাকায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশে ধপাস করে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা মোছা. ময়রী আক্তার (৪০) নামে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত নারী পটুয়াখালী জেলার সদর উপজেলার হাজীখালী ইউনিয়নের মাদারখালী গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল মিয়ার স্ত্রী বলে নিশ্চিত হওয়া গেছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের ভেতর থাকা সাধারণ যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস স্টেশন, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় সাধারণ লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের জানালা ও বিভিন্ন অংশ কেটে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত নারীর মরদেহ দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে উদ্ধার করেন।

সরাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ ইদ্রিস আলী শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে অংশ নেয় এবং দ্রুত হতাহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এই বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের উদ্ধারকারী দল ও রেকার এনে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নিহত নারীর মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার আত্মীয়-স্বজনদের কাছে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে। এই সড়ক দুর্ঘটনার ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট হাইওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।