কুমিল্লাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে গণধোলাই শেষে চাচাকে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১২, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!


কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরী (২০) কে ধর্ষণের পর অন্তঃসত্তার অভিযোগে হিরন মিয়া নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ছোট কৈজুরী উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হিরন মিয়া (৫৫) ছোট কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে এবং ভুক্তভোগী কিশোরীর বাবার আপন চাচাতো ভাই।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অসুস্থ বোধ করায় ওই প্রতিবন্ধী কিশোরীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী অভিযোগ করেন, হিরন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।