২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে দেখা নাও যেতে পারে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তি আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া এবং মাতেউস কুনিয়াকে নিয়ে শুরু করার কথা ভাবছেন।
বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছিলেন এন্দ্রিক। সেই পারফরম্যান্সের পরও প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে উঠছে ১৯ বছর বয়সি এই স্ট্রাইকারের জন্য। আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়েছেন যে, মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য তার মূল একাদশ প্রায় চূড়ান্ত এবং আক্রমণভাগে ভিনিসিউস ও রাফিনিয়ার সমন্বয়ে তিনি সন্তুষ্ট।
ব্রাজিলের কোচের পরিকল্পনায় কুনিয়াকে কেন্দ্রীয় ফরোয়ার্ড হিসেবে ব্যবহার করার ভাবনা রয়েছে। তার সঙ্গে দুই প্রান্তে থাকবেন ভিনিসিউস ও রাফিনিয়া। ফলে এন্দ্রিককে ম্যাচের দ্বিতীয়ার্ধে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নামানোর সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
তবে ব্রাজিল শিবিরে এন্দ্রিককে নিয়ে আশাবাদ কম নয়। মিশরের বিপক্ষে গোল করে তিনি দেখিয়েছেন, সুযোগ পেলে ম্যাচের গতিপথ বদলে দেয়ার সামর্থ্য তার আছে। তাই শুরুর একাদশে না থাকলেও বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেই বিবেচিত হচ্ছেন এই তরুণ ফরোয়ার্ড।
আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ অভিযানের শুরুটা জয়ে রাঙাতে চাইবে আনচেলত্তির দল, আর সেই লক্ষ্যে অভিজ্ঞতা ও ফর্মের সমন্বয়ে আক্রমণভাগ সাজানোর দিকেই ঝুঁকছেন ইতালিয়ান এই কোচ।














