কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার কথা দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্যমতে, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়।

অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনী আল-আজরাক ঘাঁটি এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটির অবকাঠামো ও সেখানে থাকা একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

সংস্থাটি আরও জানায়, তেহরানের আশপাশে বিভিন্ন স্থাপনায় কথিত মার্কিন হামলার জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। এর আগে তারা কুয়েত, বাহরাইনসহ বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘শত্রুপক্ষের আগ্রাসন’ অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।