কুমিল্লাবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানি হামলার পর কুয়েতের আকাশসীমা বন্ধ

প্রতিবেদক
Cumilla Press
জুন ১১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুয়েতের অভ্যন্তরে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আকাশসীমা বন্ধের কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরগামী এবং কুয়েতের আকাশসীমা ব্যবহারকারী বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটকে জরুরি ভিত্তিতে অন্য দেশের নিরাপদ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশের সেনাবাহিনীর বরাতে জানিয়েছিল, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশে প্রবেশ করা বেশ কিছু ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’ বা ইরানি মিসাইল সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

আজ ভোরেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে দাবি করে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কুয়েতের দুটি মার্কিন বিমানঘাঁটি এই হামলার মূল লক্ষ্যবস্তু হওয়ায় সার্বিক নিরাপত্তা ও বেসামরিক বিমানের সুরক্ষার স্বার্থে কুয়েত সরকার তাদের আকাশসীমা সম্পূর্ণ লকডাউন করার এই জরুরি সিদ্ধান্ত নিল।