কুমিল্লাবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাকে পুলিশ খুঁজছে তিনি ফুল দিচ্ছেন ইউএনওকে

প্রতিবেদক
Cumilla Press
জুন ১০, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিক মামলার পরোয়ানাভুক্ত এক আসামির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

ছবিতে দেখা যায়, ইউএনওর সঙ্গে কয়েকজন ব্যক্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে সালাউদ্দিন শরীফ হিসেবে, যিনি স্থানীয় রাজনৈতিক সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী বিভিন্ন মামলার আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন শরীফকে ২০২৫ সালের ১৮ মার্চ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের একটি পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

দুমকী থানার পুলিশ জানায়, গত ১১ মে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় সালাউদ্দিন শরীফকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ জুন ইউএনও হিসেবে যোগদানের পর আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ওই আয়োজন হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে শুধু সালাউদ্দিন শরীফই নন, স্থানীয় কয়েকজন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকেও দেখা গেছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, বিএনপির এক সাবেক নেতা দাবি করেছেন, এটি ছিল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ। সেখানে কে কোন পরিচয়ে উপস্থিত ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং মামলা চলমান রয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও সালাউদ্দিন শরীফ এখনো পলাতক বলে পুলিশের দাবি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।