তামিল সিনেমা ইন্ডাস্ট্রির নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার ও জনপ্রিয় অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বুধবার (১০ জুন) চেন্নাইয়ের বাসভবনে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৪ বছর বয়স হয়েছিল এ তারকার। আর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।
ভারতীরাজার প্রকৃত নাম চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। গত কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বছরের মার্চে তার ছেলে অভিনেতা ও পরিচালক মনোজ ভারতীরাজার আকস্মিক মৃত্যু হয়। তখন গভীরভাবে ভেঙে পড়েছিলেন ভারতীরাজা।
এরপর অসুস্থতাজনিত কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় প্রখ্যাত এই নির্মাতা ও অভিনেতাকে। এ অবস্থায় এদিন মৃত্যু হলো তার। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, ছেলের মৃত্যুর শোক ভীষণভাবে আঘাত করেছিল বাবা ভারতীরাজাকে।
১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি তামিল সিনেমার ভাষা ও গল্প বলার ধরনে পরিবর্তন এনে দেয়। শহরকেন্দ্রিক গল্পের বাইরে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও বাস্তবতাকে বড়পর্দায় তুলে এনে নতুন সূচনা করেছিলেন এ নির্মাতা।
ভারতীরাজার হাত ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনয়শিল্পীর উত্থান ঘটে। পরিচালকের গন্ডি ছাড়িয়ে অভিনেতা হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন। ‘মহারাজা’, ‘থিরুচিত্রম্বালম’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসা লাভ করেছেন তিনি।
দীর্ঘদিনের ক্যারিয়ারে ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছেন ভারতীরাজা। ২০০৪ সালে ভারত সরকার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে এই খ্যাতিমান তারকাকে।












