কুমিল্লাসোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চেকপোস্টে মোটরসাইকেল থামাল পুলিশ, যুবকের কোমরে মিললো ৩টি বিদেশি পিস্তল

প্রতিবেদক
Cumilla Press
জুন ৮, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের একটি চেকপোস্টে তল্লাশিকালে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।


আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম চেকপোস্টটি অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। এ সময় তার গতিবিধি, আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।