তেহরানের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে ইরান। বার্তাসংস্থা মেহের নিউজ জানায়, তেহরানের আকাশে ড্রোনটি উড়ে আসে। ওই সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি টার্গেট ও ভূপাতিত করা হয়।
তবে এটি কোন মডেলের এবং অ্যাটাক ড্রোন কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন মেহের নিউজের প্রতিনিধি।
এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যখন যুদ্ধ হয়েছিল তখন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একাধিক অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছিল ইরানি সেনারা।
রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।
এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে মিসাইল হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও মিসাইল ছোড়া শুরু হয়। মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইরান কয়েক দফা মিসাইল নিক্ষেপ করেছে। অপরদিকে দখলদার ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
গতকাল রাতে ইরান ইসরায়েলে মিসাইল ছোড়ার পর ইসরায়েলকে নিবৃত করার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইসরায়েল তার কথায় কর্ণপাত করেনি। তারা ভোরে ইরানে পাল্টা হামলা চালায়। এরপর পূর্ণ মাত্রায় হামলা পাল্টা হামলা শুরু হয়।












