হ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে এসএস’র ওই শিল্ডটি তাৎক্ষণিকভাবে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার পর একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












