বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই অনুশীলনে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালের্দি। একই সঙ্গে দলে থাকা আরও কিছু ইনজুরিগ্রস্ত খেলোয়াড়ের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ। জানা গেছে, আগামী বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সামনে রেখে রোববার (৭ জুন) অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, এখনো বালের্দির বিকল্প খেলোয়াড় ঠিক করা হয়নি। তিনি সতর্ক করেন, আরও কয়েকজন খেলোয়াড়ের অবস্থাও মূল্যায়ন করা হবে।
স্কালোনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ই ১০০ শতাংশ ফিট নয়, তাই এই সিদ্ধান্ত শুধু একজন সেন্টার-ব্যাকের বিষয় নয়। আমাদের আরেকটি ম্যাচ আছে, এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিছু খেলোয়াড়ের অবস্থা দেখে আমরা সবাইকে মূল্যায়ন করব এবং মঙ্গলবারের (স্থানীয় সময়) আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
তিনি আরও জানান, বুধবার ভোরে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কোচিং স্টাফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্র অনুযায়ী, সবচেয়ে বেশি উদ্বেগের কারণ গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং লিয়ান্দ্রো পারেদেসের শারীরিক অবস্থা। মন্তিয়েল ও মলিনা মাংসপেশির সমস্যায় ভুগছেন এবং একই পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের নিয়ে দুশ্চিন্তা বেশি।
এই পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে আগুস্তিন গিয়াই এবং নিকোলাস কাপালদোকে। অন্যদিকে পারেদেস সাম্প্রতিক ম্যাচে হালকা মাংসপেশির ইনজুরিতে পড়েছেন এবং এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি।
অন্যদিকে, জুলিয়ান আলভারেজ অ্যাঙ্কেলের সমস্যায় ভুগলেও বিশ্বকাপে তার অংশগ্রহণে কোনো শঙ্কা নেই। এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোট থেকে সেরে উঠছেন, তাকে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে। এছাড়া নিকোলাস পাজ হাঁটুর আঘাত কাটিয়ে ধীরে ধীরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
বালের্দির প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে স্কালোনি জানান, তিনি শুরু থেকেই খেলোয়াড়টির অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দিতে হয়েছে। তিনি বলেন, বালের্দি পুরোপুরি ফিট না থাকায় তার জন্য ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও যোগ করেন, ‘আমি তার প্রতি বিশেষভাবে আবেগ অনুভব করি, কারণ তাকে আমি অনূর্ধ্ব-২০ পর্যায় থেকেই চিনি। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।’
ম্যাচ শেষে স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি বলেন, দলের কিছু নতুন মুখ যেমন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইতাস এবং টমাস আরান্দা ভালো খেলেছে এবং তারা ভবিষ্যতে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।












