কুমিল্লারবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে মারা গেলেন বোনও

প্রতিবেদক
Cumilla Press
জুন ৭, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। রোববার (৭ জুন) দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এদিকে, বড় ভাইয়ের এই আকস্মিক মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) না-ফেরার দেশে চলে গেছেন তার ছোট বোন রাশিদা বেগমও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

নিহতের ভাই হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করে

তিনি আরও জানান, দুপুরের দিকে ভাইয়ের মৃত্যুর এই সংবাদ বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট বোন রাশিদা বেগম। তিনি খবর পাওয়ার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুই ভাই-বোনের মরদেহ শ্রীপুরের মাধখলা গ্রামের বাড়িতে আনা হবে। সেখানে পর্যায়ক্রমে দুইজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে পরিবার।